রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের জরুরি সভা

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো : প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের জরুরি সভা
১৬১

জ্বালানি তেলের সংকটের গুজবকে কেন্দ্র করে রাজশাহীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি ও অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা দেখা দেওয়ায় পরিস্থিতি পর্যালোচনায় জরুরি সভা করেছে জেলা প্রশাসন।

 

মঙ্গলবার রাত থেকে রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস চালকদের ভিড় বাড়তে থাকে। বুধবার (২২ জুলাই) সকালেও অনেককে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি কিনতে এবং অতিরিক্ত জারিকেন ও বোতলে তেল সংগ্রহ করতে দেখা যায়।

 

এ পরিস্থিতিতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং গুজব প্রতিরোধে বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর, জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুদ করার প্রয়োজন নেই।”

 

তিনি আরও বলেন, “গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক তথ্য জেনে সবাইকে সচেতন থাকতে হবে। অযৌক্তিকভাবে জ্বালানি তেল কেনা বা মজুদ করলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তাই আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণের মাধ্যমে বাজারের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।”

 

সভায় বক্তারা দেশ ও মানুষের স্বার্থে গুজব এড়িয়ে সচেতনতা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।