ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হলো রথযাত্রা

ত্রিদীপ দেবনাথ দীপ্ত, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হলো রথযাত্রা
১৫৯

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় হাজারো ভক্ত অংশ নেন।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষ অংশ নেন। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, কীর্তন এবং নানা ধর্মীয় স্লোগানের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

 

রথযাত্রা উপলক্ষে অংশগ্রহণকারী ভক্তরা জানান, এই উৎসবের মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সম্প্রীতি, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং অসহিষ্ণুতা দূর হওয়ার প্রার্থনাও করা হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।

 

শোভাযাত্রা শেষে ব্রাহ্মণবাড়িয়া ইসকনের সভাপতি রত্নেশ্বর দাস ব্রহ্মচারী বলেন, “রথযাত্রা সারা বিশ্বের জন্য সম্প্রীতি, ভালোবাসা ও শান্তির বার্তা বহন করে। এ উৎসবে জাতি-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিতে পারেন। বিশ্বাস করা হয়, রথযাত্রার সময় জগন্নাথ দেব মন্দির থেকে বের হয়ে সাধারণ মানুষকে কৃপা দান করেন। রথের দড়িতে টান দেওয়াকে পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করা হয়।”

 

এদিকে, রথযাত্রা উপলক্ষে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।