বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
৩৫ বৎসরের অভ্যাস এখন ভালোলাগা আর ভালোবাসার সঙ্গীগাজীপুরে কার্তিক হ/ত্যা: ময়মনসিংহ থেকে দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার হ/ত্যায় ব্যবহৃত চাকুফ্যাসিস্ট শক্তি আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা করছে- পুলিশ কমিশনারগাজীপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকেরগাজীপুরে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল, কাজে ফিরছেন শ্রমিকরাগাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণেবাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধনগাজীপুরে শ্রমিক আন্দোলন বোর্ডবাজারে শান্তি, অন্যত্র ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেলকসবায় বসতবাড়িতে অভিযান, ২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে একযোগে ৫৬ জনের বদলি: বহাল সিন্ডি/কেট চক্রধুনটে ৭ নভেম্বরের গণজমায়েত সফল করতে মাঠে বিএনপি নেতারাসিংগাইরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ডরাজধানীর উত্তরখানে ভূমি সেবা নিতে এসে ভোগান্তি, ৪৫ হাজার টাকা দাবির অভিযোগভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১

গাজীপুরে কার্তিক হ/ত্যা: ময়মনসিংহ থেকে দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার হ/ত্যায় ব্যবহৃত চাকু

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
গাজীপুরে কার্তিক হ/ত্যা: ময়মনসিংহ থেকে দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার হ/ত্যায় ব্যবহৃত চাকু
২১

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় কার্তিক শীল (৩৫) হত্যা মামলার প্রধান দুই আসামিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর বিকেল ৫টার দিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন মাশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাছা থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারাভিযানে অংশ নেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার উপ-পরিদর্শক সাইফুল আলম, সাখাওয়াত হোসেন, সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম মিয়াসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শিমুল মিয়া (২৫) ও মো. জহিরুল ইসলাম ওরফে ফালান (৪৯)। তারা দুজনই নগরীর পুবাইলের স্থানীয় বাসিন্দা হলেও গাছা থানার কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, গাছা থানার মামলা নম্বর ৪২, তারিখ ২৮ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলায় তারা এজাহারভুক্ত আসামি।

পরে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ১ নম্বর আসামি শিমুলের দেখানো মতে ১ নভেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটে গাছা থানাধীন কুনিয়া এলাকার কুত্তা পাগলীর মাজারসংলগ্ন সাহা মার্কেটের সামনে সিটি করপোরেশনের ড্রেনের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

৩৫ বৎসরের অভ্যাস এখন ভালোলাগা আর ভালোবাসার সঙ্গী

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
৩৫ বৎসরের অভ্যাস এখন ভালোলাগা আর ভালোবাসার সঙ্গী

সকাল ৮টায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হন মো. শাহ আলম। গন্তব্য আজমপুর রেলওয়ে স্টেশন। সেখানে পৌঁছে সংগ্রহ করেন বিভিন্ন জাতীয় পত্রিকা। পত্রিকাগুলো গুছিয়ে সাইকেলের পেছনে সীটের সাথে বাঁধেন। এরপর শুরু হয় তার প্রতিদিনের ছুটে চলা। সাইকেল চালিয়ে এক দোকান থেকে আরেক দোকানে, সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস, স্কুল-কলেজে গিয়ে পত্রিকা পৌঁছে দেন তিনি।

প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে আখাউড়া উপজেলার কিছু এলাকাসহ বিজয়নগর উপজেলার কিছু অংশে পত্রিকা বিক্রি করেন পঞ্চাশোর্ধ হকার শাত আলম। দৈনিক ১০-১২ ঘণ্টা পরিশ্রম করেন তিনি।

রোদ-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়া যা-ই হোক শাহ আলমের যেন বিশ্রাম নেই। কঠোর পরিশ্রমী শাহআলম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার মেরাশানি গ্রামের বাসিন্দা। বিগত ৩৫ বছর ধরে পত্রিকা বিক্রির পেশায় জড়িত তিনি। পত্রিকা বিক্রির কমিশন দিয়ে চলে তার সাত সদস্যের সংসার।

আজমপুর স্টেশনে কথা হয় শাহ আলমের সাথে। পত্রকা ভাঁজ করার ফাঁকে কথা বলেন তিনি। শাহআলম বলেন, সকাল ৯টার আগে আজমপুর স্টেশনে এসে পৌঁছেন তিনি। পারাবাত ট্রেনে ঢাকা থেকে পত্রিকা আসে। ট্রেন থেকে পত্রিকা সংগ্রহ করে আখাউড়া পৌরশহরের সড়ক বাজার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, লালবাজার, বড়বাজার ঘুরে আখাউড়া-চান্দুরা সড়ক ধরে খড়মপুর, দুর্গাপুর, আজমপুর হয়ে বিজয়নগর উপজেলার

সিঙ্গারবিল, বিষ্ণুপুর হয়ে মেরাশানি পর্যন্ত বাজার পর্যন্ত পত্রিকা বিলি করেন তিনি। এভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা ৬/৭টা বেজে যায়। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে পাঠকের কাছে পত্রিকা নিয়ে যান তিনি।

শাহআলমের ভাষ্য, এখন মানুষের পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। সবার হাতে হাতে মোবাইল ফোন। পত্রিকার চাহিদাও কমে গেছে। দৈনিক ২০০ কপির মতো পত্রিকা বিক্রি হয়। পত্রিকার কমিশন থেকে ৪০০ টাকার মতো আয় হয়। তা দিয়ে কোনোরকমে সংসার চালিয়ে যাচ্ছেন তিনি।

ঝড় বৃষ্টির দিনে পত্রিকা বিক্রি করা খুব সমস্যা হয় বলে জানান শাহ আলম। তিনি বলেন, ঝড় বৃষ্টির দিনে রাস্তাঘাটে পানি জমে থাকে সাইকেল চালাতে খুব অসুবিধা হয়। তখন সময়ও বেশি লাগে। সাবধানে সাইকেল চালাতে হয়। পলিথিন দিয়ে পত্রিকা ঢেকে রাখতে হয়। এ ছাড়াও কিছু কিছু জায়গায় রাস্তা ভাঙা। সাইকেল চালাতে তখন খুব কষ্ট হয়।

পত্রিকা বিক্রির পেশায় আসার বিষয়ে শাহআলম বলেন, ১৯৯১ সালে হরষপুর রেলওয়ে স্টেশনের আক্তার বুক স্টল থেকে এলাকার এক লোকের জন্য পত্রিকা এনে দিতাম। তার পরামর্শেই পত্রিকা বিক্রি শুরু করি। প্রথমে কয়েক বছর নিজ এলাকায় পত্রিকায় বিক্রি করতাম। পরে আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে অবসর রেলওয়ে বুকস্টল থেকে পত্রিকা নিয়ে বিক্রি করা শুরু করি। তখন পত্রিকার অনেক চাহিদা ছিল। আখাউড়ায় বুক স্টলসহ ১৪-১৫ জন হকার ছিল। তখন আয়ও বেশি ছিল। ধীরে ধীরে পত্রিকার চাহিদা কমে যাওয়ায় অন্য হকাররা এ পেশা ছেড়ে দিয়েছেন। এখন আমি শুধু আছি। জানি না আর কত দিন থাকতে পারব।

পত্রিকা বিক্রির কমিশন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে জানিয়ে শাহ আলম বলেন, সারাদিন ১০-১২ ঘণ্টা পরিশ্রম করে ৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে যে আয় হয় তা দিয়ে সংসার চলে না। কিছু মানুষের সহযোগিতা আর আল্লাহর রহমতে টিকে আছি। তার কাছে পত্রিকা বিক্রি শুধু পেশা নয়, ৩৫ বছরের অভ্যাস, জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা এক ভালোবাসা।

ফ্যাসিস্ট শক্তি আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা করছে- পুলিশ কমিশনার

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:- প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
ফ্যাসিস্ট শক্তি আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা করছে- পুলিশ কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেছেন,চলমান ঘটনাকে শ্রমিক আন্দোলন বলা যায় না। একটি ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে। শ্রমিকদের সঙ্গে মিশে তারা পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,বর্তমানে একটি অপশক্তি পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সাধারণ শ্রমিক আন্দোলনের মধ্যে পড়ে না। আন্দোলনের নামে রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

আন্দোলন চলাকালে বিএনপির নেতাকর্মীদের লাঠি হাতে পুলিশের সঙ্গে থেকে পোশাক শ্রমিকদের প্রতিহত করার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন,একটা সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যেত। বর্তমানে বিএনপির নেতাকর্মীদের পুলিশের সঙ্গে থেকে আন্দোলন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। রাষ্ট্রের জানমাল রক্ষা করা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই পুলিশের সাংবিধানিক দায়িত্ব। কোনো সরকারি দলের নেতাকর্মী বা অন্য কেউ গুন্ডামি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করবে,পুলিশ সেটিকে কখনোই উৎসাহিত করে না। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

এদিকে টানা কয়েকদিন শ্রমিকদের আন্দোলনের পর খোলা হয়েছে বেশিরভাগ পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন কারখানা শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত বেশিরভাগ কারখানা খুলে দিয়েছে মালিকপক্ষ।  এসব কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।  কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সহিংস আন্দোলন ঠেকাতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

গাজীপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
গাজীপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৬০ দিনব্যাপী অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবীন আনসার সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন। পরে কুচকাওয়াজ পরিদর্শন শেষে দেওয়া বক্তব্যে দেশের অর্থনীতি, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

মহাপরিচালক বলেন, দেশের পাঁচ হাজারের বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ৫৫ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। জাতীয় নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিত প্রশিক্ষণ ও কার্যক্রম আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দায়িত্ব পালনকালে সরকারি সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেসব আনসার সদস্য ত্যাগ স্বীকার ও আহত হয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন মহাপরিচালক।

অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের বিভিন্ন দাবির প্রসঙ্গে তিনি জানান, তাদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে রেস্ট প্রথা বাতিল করা হয়েছে। পাশাপাশি আবাসন সুবিধার উন্নয়ন, নিজ বিভাগে বদলির সুযোগ এবং রেশন ব্যবস্থার মান ও পরিমাণ বৃদ্ধিসহ সদস্যদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাহিনীর সংস্কার ও সদস্যকল্যাণে নেওয়া উদ্যোগগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের ফলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা আরও বাড়বে।

প্রশিক্ষণের বিষয়ে মহাপরিচালক বলেন, বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনায় প্রশিক্ষণকে আরও যুগোপযোগী করা হয়েছে। প্রশিক্ষণে শারীরিক সক্ষমতা, সাধারণ ও অস্ত্র প্রশিক্ষণ, নিরাপত্তা পদ্ধতি, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি মূল্যায়ন এবং আইন ও বিধিবিধানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আনসার সদস্য হিসেবে পরিচয় যেমন গৌরবের, তেমনি জনগণ ও রাষ্ট্রের প্রতি এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সততা, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।

৬ সেপ্টেম্বর শুরু হওয়া ৬০ দিনের এ প্রশিক্ষণে অনুমোদিত ৬৯২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬৫৪ জন অংশ নেন। তাদের মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
প্রশিক্ষণে ফায়ারে প্রথম হন কুমিল্লার কাজী মো. আবু সাঈদ, ড্রিলে প্রথম হন নোয়াখালীর মো. ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন খাগড়াছড়ির মো. সাবিকুর রহমান। অনুষ্ঠানে মহাপরিচালক তাদের হাতে পুরস্কার তুলে দেন।

কুচকাওয়াজের পর তুরস্কের জেন্ডারমেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দাঙ্গা প্রতিরোধ ও নিরাপত্তাবিষয়ক একটি মহড়া প্রদর্শন করা হয়। এ সময় মহাপরিচালক বলেন, দাঙ্গা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়ন, আনসার গার্ড ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালনে প্রস্তুত। সম্প্রতি গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন মোকাবিলাতেও বাহিনীর সক্ষমতার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্কের প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

×