জেল-রিমান্ড শেষে শুটিংয়ে ফিরলেন জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আইনি জটিলতা, কারাবাস ও রিমান্ডের মুখোমুখি হওয়ার পর দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে ছিলেন অভিনেতা জাহের আলভী। এবার নাটকের শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার এই অভিনেতা।
জানা গেছে, সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শুটিং সেটে কলাকুশলীদের সঙ্গে কেক কেটে অভিনয়ে ফেরার আনন্দ উদ্যাপন করেন আলভী। নতুন এই নাটকে তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু।
গত ফেব্রুয়ারি মাসে নাটকের শুটিংয়ে নেপালে অবস্থানকালে স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর খবর পান আলভী। এ ঘটনায় ইকরার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়। মামলাটিকে কেন্দ্র করে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই অভিনেতাকে। এ সময় তাঁকে কারাগারে থাকতে হয় এবং রিমান্ডেও নেওয়া হয়।
গত ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর অভিনয়ে ফিরলেন জাহের আলভী।


