পদ্মার চরাঞ্চলে উন্নয়ন ও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
রাজশাহীর পদ্মা নদীর চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম।
সোমবার (১৫ জুন) পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের চর খিদিরপুর এলাকা পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভায় অংশ নেন। চর খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় চরাঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় স্থানীয় বাসিন্দারা তাদের জীবনযাত্রার নানা সংকট, চিকিৎসাসেবার সীমাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং দুর্যোগ মোকাবিলার চ্যালেঞ্জের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তব্যে জেলা প্রশাসক সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির বিষয় তুলে ধরে বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব সেবার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সফলতা। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল লক্ষ্য। সরকারি সেবা এমনভাবে পৌঁছে দিতে হবে, যাতে সাধারণ মানুষ অনুভব করে রাষ্ট্র তাদের পাশে রয়েছে।
পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।




