আত্মগোপনে থাকা প্রধান আসামি র্যাবের জালে আটক
পাহাড়তলীর আলোচিত হত্যা মামলার পলাতক আসামি ‘রেন্ডি’ ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার আলোচিত আকাশ দাস হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. রায়হান প্রকাশ রেন্ডি (১৯) কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৭ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার হাজারীবাগ থানা এলাকার কালুনগর এলাকায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২০ মে) গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র্যাব জানায়, নিহত আকাশ দাস (২৬) চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পাহাড়তলী থানাধীন এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে ফ্যাক্টরির শোল্ডার শাখার কর্মচারী মাইকেলকে পূর্ববিরোধের জেরে স্থানীয় সন্ত্রাসীরা ফ্যাক্টরির গেট থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এ সময় আকাশ দাস তাকে উদ্ধার করে ফ্যাক্টরির মূল ফটকের ভেতরে নিয়ে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত নাজমুল হুদা, মো. মহসিনসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাসকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আকাশ দাসকে তার বাবা বাবুল দাস চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাস বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি রায়হান প্রকাশ রেন্ডি ঢাকার হাজারীবাগ এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান প্রকাশ রেন্ডির বাড়ি হবিগঞ্জ সদর থানার সওদাগর মিয়ার বাড়ি এলাকায়। তার বাবার নাম ইসমাইল।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




