গ্রামীণ উন্নয়নে নতুন অধ্যায়

মোহনপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মিলন

রুবেল সরকার, সিনিয়র স্টাফ রিপোর্টার : প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
মোহনপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মিলন
৭৪

রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু উন্নয়ন কার্যক্রমে গতি আনতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

 

রোববার (১৭ মে) দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিলন বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়ক ও সেতুর উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুর উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলেও তিনি জানান।

 

এ সময় তিনি অতীতের হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে এসে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান। একই সঙ্গে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, মাদক বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সন্তান মাদকে আসক্ত হলে পুরো পরিবার ধ্বংসের মুখে পড়ে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করারও তাগিদ দেন তিনি।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মোহনপুর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ও চুক্তিমূল্য কয়েক কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে খয়ড়া-চাঁদপুর সড়ক উন্নয়ন (চেইনেজ ১০০০–২৬৭৫ মিটার), বেলগাছি–মুগরইল সড়ক উন্নয়ন (চেইনেজ ১২৯০–৩১৩০ মিটার), পালসা কুড়নিপাড়া বিএমডিএ (BMDA) ডিপ–ভীমনগর সড়ক (চেইনেজ ০০–৭৭০ মিটার) এবং বড়াইল আরঅ্যান্ডএইচ (R&H)–সরমইল নিমতলা ব্রিজ সংযোগ সড়ক (চেইনেজ ১০০০–২০০০ মিটার)।

 

এসব প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, বিশেষ করে বর্ষা মৌসুমে এসব সড়কে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। প্রকল্পগুলো শেষ হলে মোহনপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজীম উদ্দিন সরকার, এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা, উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী ও মঞ্জুর হোসেন, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিক মুকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা।