শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
৯২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

 

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে এ এলাকার সাতজন তরুণ প্রাণ হারিয়েছেন। তাদের লক্ষ্য ছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, শুধু জুলাই-আগস্ট সময়েই সারা দেশে বিএনপির প্রায় সাড়ে চারশ নেতাকর্মী নিহত হয়েছেন।

 

শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন ও আত্মত্যাগের মূল্যায়ন করতে হলে সবাইকে রাষ্ট্র গঠনের কাজে একযোগে অংশ নিতে হবে।

 

‘খোদ খাল’ পুনর্খননের প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রায় ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। সময়ের ব্যবধানে এটি ভরাট হয়ে যায়। খালটি পুনর্খনন হলে প্রায় দুই হাজার কৃষক পরিবার উপকৃত হবে এবং এলাকার কৃষি ও পানিসংকট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।

 

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের গৃহিণীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষ্য, এই সহায়তা নারীদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্র ব্যবসায় সহায়ক হবে।

 

তিনি আরও বলেন, বর্তমান বাজেটে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের জন্য কোনো বরাদ্দ নেই। তবে বিএনপি সরকার গঠন করলে আগামী বাজেটে এসব খাতে বরাদ্দ রাখা হবে।

 

কৃষকদের সহায়তার বিষয়ে তারেক রহমান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সার, কীটনাশক ও বীজ কেনার জন্য প্রয়োজনীয় অর্থের একটি অংশ সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।

 

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা সুবিধা ডিগ্রি বা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

 

নারীর ক্ষমতায়ন নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করলে দেশের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব নয়।

 

বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণদের প্রযুক্তিনির্ভর ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হলে তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখতে পারবে।

 

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে তিনি শিক্ষামন্ত্রীর উদ্দেশে দ্রুত একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

 

সবশেষে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

 

‘করব কাজ, সবার আগে’ স্লোগান উচ্চারণের মাধ্যমে বক্তব্য শেষ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।