কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনি পিকআপ ভ্যানে আগুন, নি/হ/ত- ৩
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। রোববার (১০ মে) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার একটি বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় অভিযুক্তদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় আটক তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

