২৭ বছর পর র‌্যাবের জালে হ/ ত্যা মামলার পলাতক আসামি

ডেভিড সাহা, ব্যুরো প্রধান, পার্বত্য অঞ্চল প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
২৭ বছর পর র‌্যাবের জালে হ/ ত্যা মামলার পলাতক আসামি
১৪৬

দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। বৃহস্পতিবার দিবাগত রাতে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের দুর্গম তুইক্ষ্যং পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অংসই প্রু মার্মা (৫০) কুহালং ইউনিয়নের বাকিছড়া লামাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ১৯৯৯ সালের একটি হত্যা মামলার অন্যতম আসামি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যা মামলার পর থেকেই অংসই প্রু মার্মা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন এবং বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে অবস্থান করছিলেন।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, পলাতক আসামি ও দুর্ধর্ষ অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।