গাজীপুর কালীগঞ্জে ৩ মাদককারবারি গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে। পৃথক দুইটি অভিযানে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গত সোমবার (৪ মে) গভীর রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী ও বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়। থানা সূত্র জানায়, মাদকের বিস্তার রোধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ ইনছান মিয়ার নেতৃত্বে গঠিত পৃথক দুইটি টিম অংশ নেয়। অভিযানের সময় রয়েন গ্রামের সুলতান উদ্দিনের ছেলে ফাহমিদ শেখ (২৩), দক্ষিণবাগ গ্রামের আঃ আজিজের ছেলে ইসমাইল শেখ (২৫) এবং দক্ষিণ খৈকড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে মেরাজ আকন্দ (২৬)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাতিয়ানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন রবিন (৩৫) এবং দক্ষিণবাগ গ্রামের ফালুর ছেলে মোঃ মনির (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৫ ও ৬)। মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে, কোনোভাবেই মাদককারবারিদের ছাড় দেওয়া হবে না।”

