পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৩ লাখ টাকার অনুদান
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকূলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী আলতাফ হোসেন, ট্রাফিক মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিমসহ মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৭৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




