জমি বিরোধকে কেন্দ্র করে চুনারুঘাটে হামলা: নারী ও কলেজছাত্রীসহ আহত ৭-৮ জন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯ নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গাভীগাও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও কলেজছাত্রীসহ অন্তত ৭-৮ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছায়েদ আলী (৫৫), মিলন বেগম (৪৫), রাজু মিয়া (২৮) এবং চুনারুঘাট কলেজের ছাত্রী আখি আক্তারের নাম জানা গেছে।
স্থানীয়রা জানান, গুরুতর আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাভীগাও গ্রামের ছায়েদ আলীর সাথে আমিন আলী গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এরই জেরে দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এই ঘটনায় সুমন, আমিন আলী, রুমন, রেজাক, আব্দুল হাই ও ফরহাদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
আহতদের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। চুনারুঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


