জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ ও জনকল্যাণমুখী বাজেট হিসেবে উল্লেখ করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের ভঙ্গুর অর্থনীতি চাঙা হবে এবং পটুয়াখালীসহ সমগ্র দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী শহরের শের-ই-বাংলা রোডস্থ ‘সুরাইয়া ভবন’-এ স্থানীয় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। এর ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতের গুণগত মান উন্নত হবে। একই সঙ্গে স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরসহ গ্রামীণ ও শহরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পটুয়াখালীর স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বাজেটে পটুয়াখালী ইপিজেডের সার্বিক উন্নয়নসহ এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি এ উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের নাগরিকদের ইতিবাচক ভূমিকা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এবং লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের একান্ত সচিব (পিএস) অ্যাডভোকেট মো. আনিচুর রহমান, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও এ কে এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক লায়লা ইয়াসমিন তালুকদার, এ কে এম কলেজের সহযোগী অধ্যাপক ও সাংবাদিক গোলাম রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

মোঃ সিদ্দিক আহম্মেদ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :