প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

বেঙ্গালুরুর পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন নি/হ/ত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ভয়াবহ দুর্ঘটনা। কাজ চলাকালীন একটি পাথর খাদানে ভেঙে পড়ল বিশাল পাথরের চাঁই। মৃত্যু হয়েছে অন্তত ৭ জন শ্রমিকের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু শহর থেকে বেশ কিছুটা দূরে মাদাপাট্টানা নামক একটি গ্রামে অবস্থিত খাদানটি। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার (২ জুলাই ) সকালে ও সেখানে কাজ চলছিল। ছিলেন প্রায় ১৮ জন শ্রমিক। মাটি থেকে ৪০ ফুট গভীরে তাঁরা কাজ করছিল। সেই সময় আচমকা বিশাল একটি পাথরের চাঁই ভেঙে পড়ে। এরপরই ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। কী কারণে পাথরটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহত হয়েছেন আরও ৬ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। জানা গেছে, কর্মরত শ্রমিকরা অধিকাংশই বিহার এবং কর্ণাটকের বাসিন্দা ছিলেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন