প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যতিক্রমী উদ্যোগে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। উদ্বোধনের পর তিনি উপস্থিত অতিথিদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যানের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, “বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

সরকার নির্ধারিত কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বই ও প্রশিক্ষক প্রদান করেছে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে।”
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, দুই মাস মেয়াদী এ ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সে কাপ্তাই উপজেলার ৪০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশিক্ষক দীন বন্ধু রায় এবং মো. ফরাইজুল ইসলাম।

প্রযুক্তি শিক্ষাকে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে এবং যুব সমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন