প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর এ কে এম ওবায়দুল হক। গত ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার) মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত অধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশিষ্ট সাংবাদিক শেখ সেন্টু এবং সাংবাদিক শেখ জুনায়েদ।

 

শুভেচ্ছা বিনিময় শেষে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নতুন অধ্যক্ষ। তিনি বলেন, “আমি এই কলেজেরই একজন শিক্ষার্থী ছিলাম। আমার জন্ম ও বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ায়, সদর উপজেলার সুলতানপুর আমার গ্রামের বাড়ি। এই বিদ্যাপীঠের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এটি আমার আবেগ, ভালোবাসা ও শান্তির জায়গা। দীর্ঘদিন শিক্ষকতা করার পর স্রষ্টার অশেষ রহমতে আজ এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। সবার সহযোগিতা নিয়ে কলেজটিকে আরও এগিয়ে নিতে চাই এবং আগামী প্রজন্মের জন্য কিছু ইতিবাচক কাজের স্মৃতি রেখে যেতে চাই।”

 

প্রফেসর এ কে এম ওবায়দুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে শিক্ষা, সংস্কৃতি ও শৃঙ্খলার দিক থেকে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমাদের কলেজে অনেক মেধাবী শিক্ষক রয়েছেন, যাঁদের অবদান দেশ-বিদেশে সমাদৃত। এই কলেজের শিক্ষার্থীরা বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি চাই জেলার মেধাবী শিক্ষার্থীরা এই কলেজের প্রতি পূর্ণ আস্থা রাখুক। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।”

 

শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমিয়ে নিয়মিত শ্রেণিকক্ষে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ছাত্র-ছাত্রীরা যেন অতিরিক্ত কোচিং বা প্রাইভেটের ওপর নির্ভরশীল না হয়ে কলেজের পাঠদান থেকেই ভালো ফলাফল অর্জন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করব। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি।”

 

আসন্ন পরীক্ষা প্রসঙ্গে তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে সিট নম্বর, বিলবোর্ড এবং প্রয়োজনীয় সহায়তার জন্য স্বেচ্ছাসেবক রাখা হবে, যাতে তারা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে।

 

তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী হিজাব বা নিকাব পরিধান করে পরীক্ষায় অংশ নেবে, তাদের চেকিংয়ের নামে কোনো ধরনের হয়রানি করা হবে না। প্রয়োজনে নারী শিক্ষকদের মাধ্যমে শালীনতা বজায় রেখে প্রয়োজনীয় যাচাই কার্যক্রম সম্পন্ন করা হবে।”

 

পরিশেষে প্রফেসর এ কে এম ওবায়দুল হক তাঁর ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন