পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট সভায় পৌরসভার প্রশাসক মিজানুর রহমান এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে পৌরসভার মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা। বিপরীতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। ফলে বাজেটে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে পৌর এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক আলোকায়ন, নিরাপদ সুপেয় পানির সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবার পরিধি সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
বাজেট ঘোষণা শেষে পৌরসভার প্রশাসক মিজানুর রহমান বলেন, “নাগরিকদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাস্তবসম্মত ও উন্নয়নমুখী এই বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরবাসীর সহযোগিতায় বাজেটের সব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।”
উল্লেখ্য, ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ঘোষিত এই বাজেট ভাঙ্গুড়া পৌরসভার ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

সাদাত বাহার, পাবনা সদর প্রতিনিধি :