প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

জাতীয় স্টার্টআপ সায়েন্স প্রতিযোগিতায় সেরা দশে গলাচিপার এনজেড আলিম মাদ্রাসা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

জাতীয় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রতিযোগিতায় সাফল্যের স্বাক্ষর রেখে সেরা দশে স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন (এনজেড) আলিম মাদ্রাসা। উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর পরিকল্পনা এবং পরিবেশবান্ধব ধারণার সমন্বয়ে তৈরি একটি প্রকল্পের মাধ্যমে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সাফল্যে গলাচিপাসহ পুরো পটুয়াখালী জেলায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

 

প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থী তানজিম ও তার দল ‘নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর’ শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পটিতে সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব, টেকসই ও আধুনিক নগর গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ নগর নির্মাণে বাস্তবসম্মত ধারণা উপস্থাপনের কারণে প্রকল্পটি বিচারকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

 

জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার আগে দলটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে। এসব ধাপ সফলভাবে অতিক্রম করে তারা রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পায়। সেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা অসংখ্য উদ্ভাবনী প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে জাতীয় পর্যায়ে সেরা দশে স্থান নিশ্চিত করে।

 

এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তারেক রহমান। সংশ্লিষ্টদের মতে, এ সম্মাননা শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবনে অনুপ্রেরণা জোগাবে।

 

এই অর্জনে এনজেড আলিম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁদের মতে, এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং গলাচিপা ও পটুয়াখালী জেলার জন্যও গর্বের অর্জন। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

 

প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে নিয়মিত বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জাতীয় পর্যায়ে এই সাফল্য সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি উজ্জ্বল প্রতিফলন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন