প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

লামার রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি ও ভিডিও ধারণের অভিযোগ

চৌধুরী মোহাম্মদ সুজন, স্টাফ রিপোর্টার :

বান্দরবানের লামায় এক নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি রিসোর্টের ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মাতামুহুরী রিভার সাইড রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং তার সহযোগী মো. হৃদয় (২৮)। এর আগে রোববার (২৮ জুন) সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অভিযোগে উল্লেখিত ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার এবং ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিনজন পর্যটক মাতামুহুরী নদীতে নৌভ্রমণে বের হন। পথে এক নারী পর্যটক অসুস্থ হয়ে পড়লে তারা বিশ্রামের জন্য মানিকপুর এলাকার মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে যান। অভিযোগ অনুযায়ী, রিসোর্টের একটি কক্ষে প্রবেশের পর ব্যবস্থাপক রাশেদ ও তার সহযোগী হৃদয় বাইরে থেকে দরজা আটকে দেন। পরে আরও সাত থেকে আটজনকে নিয়ে তারা কক্ষে প্রবেশ করে পর্যটকদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন।

 

ভুক্তভোগীদের অভিযোগ, রিসোর্টের ভেতরে ওই নারী পর্যটককে শ্লীলতাহানি করা হয় এবং ঘটনাটি ভিডিও ধারণ করা হয়। একই সঙ্গে তার কানের দুল, ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্টে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ঘটনাটি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

 

এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকদের একজন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় একটি মামলা দায়ের করেন।

 

মামলার বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইসার হামিদ বলেন, মামলার এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে রিমান্ড আবেদন করা হবে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন