ব্রাহ্মণড়িয়ার কসবা উপজেলায় একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখ-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাসুক মিয়া (১৮): জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলেও আরমান মিয়া (১৭): একই এলাকার ফরহাদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চারগাছ এলাকার একটি ইট বিক্রির প্রতিষ্ঠান থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছের দিকে আসছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ট্রাকে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

শেখ জুনায়েদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি