নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭ নারী ও ৭ পুরুষসহ মোট ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে এ অভিযান পরিচালনা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই গোপন সংবাদের আলোকে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ৭ জন নারী ও ৭ জন পুরুষকে আটক করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন পেশাদার যৌনকর্মী ও তাদের খদ্দের রয়েছেন। এছাড়া কয়েকজন নারী-পুরুষ অবৈধ সম্পর্কের সূত্রে হোটেলটিতে অবস্থান করছিলেন বলেও অভিযোগ রয়েছে। অভিযানের পর তাদের জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের মধ্যে কয়েকজন দেহব্যবসার সঙ্গে জড়িত এবং কয়েকজন পরকীয়া সম্পর্কের সূত্রে সেখানে অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বি. চৌধুরী তুহিন, নোয়াখালী প্রতিনিধি :