প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শতবর্ষের ঐতিহ্য বহন করছে বাজালিয়ার ‘পোক্তা মসজিদ’

মুহাম্মদ আকতার উদ্দিন, চট্টগ্রাম :

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক কেন্দ্রীয় মৌলানা ফজল উদ্দিন জামে মসজিদ, যা স্থানীয়ভাবে ‘পোক্তা মসজিদ’ নামে অধিক পরিচিত। শতবর্ষের ঐতিহ্য বহনকারী এই মসজিদটি দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রখ্যাত আলেম মৌলানা ফজল উদ্দিন (রহ.)-এর নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়। মজবুত নির্মাণশৈলীর কারণে এটি ‘পোক্তা মসজিদ’ নামে পরিচিতি লাভ করে। এখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার জামাত, পবিত্র রমজানে তারাবিহ, ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত, মিলাদ, দোয়া মাহফিল, ওয়াজ এবং বিভিন্ন ইসলামি কর্মসূচি নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে।

 

স্থানীয়দের ভাষ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষ এই মসজিদে এসে মান্নত করেন এবং নগদ অর্থ, ছাগল, মুরগিসহ বিভিন্ন ধরনের দান-অনুদান প্রদান করেন। সংশ্লিষ্টদের মতে, এসব অনুদান মসজিদের পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।

 

 

ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বাজালিয়া ইউনিয়নের অন্যতম প্রধান ঈদের জামাত এ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বাজালিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

 

বর্তমানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আহাম্মদ শফিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ এনামুল হক দায়িত্ব পালন করছেন। তাদের নেতৃত্বে মসজিদের ধর্মীয় কার্যক্রম, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

 

এলাকাবাসীর প্রত্যাশা, ঐতিহাসিক এ মসজিদের ইতিহাস, স্থাপত্য ঐতিহ্য এবং ধর্মীয় গুরুত্ব সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ অঞ্চলের সমৃদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে ও তা সংরক্ষণে উদ্বুদ্ধ হতে পারে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন