ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে বিশ্ববিখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণে একটি সঙ্গীত জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তাঁর জন্মভূমি পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানার নেতৃত্বে প্রতিনিধি দলটি শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভিটা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে অধিদপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশনায় শিবপুরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ নামে একটি সঙ্গীত জাদুঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলের প্রধান ড. নাহিদ সুলতানা জানান, নবীনগর সফর শেষে তিনি দ্রুত সংস্কৃতি মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন। পরবর্তীতে বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর সংস্কৃতি প্রতিমন্ত্রী শিবপুরে পরিদর্শনে এসে জাদুঘর নির্মাণের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করবেন।
বিশ্বখ্যাত সংগীতগুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্থানীয় মানুষের কল্যাণে শিবপুরে একটি পুকুর ও একটি পাকা মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তী সময়ে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে ‘মদিনা ভবন’ নামে নিজের বাসভবন প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর মাইহারের ওই বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয়দের অভিযোগ, বিশ্ববরেণ্য এই সংগীত সাধকের জন্মভূমি শিবপুর এখনও যথাযথভাবে সংরক্ষিত হয়নি। অতীতে তাঁর নামে একটি কালচারাল কমপ্লেক্স নির্মাণসহ স্মৃতি সংরক্ষণের প্রকল্প গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি।
তবে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাবা-মায়ের কবর সংস্কার এবং তাঁর একটি ভাস্কর্য নির্মাণ করা হয়। বর্তমানে শিবপুরে তাঁর বাবা-মায়ের কবর, বড় ভাই ফকির আফতাব উদ্দিন খাঁর সমাধি, তাঁর প্রতিষ্ঠিত মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ থাকলেও এখনো কোনো সঙ্গীত জাদুঘর গড়ে ওঠেনি।
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে. এম. মামুনুর রশিদ বলেন, স্বাধীনতার পর দীর্ঘ ৫৩ বছরেও বিশ্ববিখ্যাত এ সংগীত সাধকের স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তিনি দ্রুত ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ নির্মাণ এবং তাঁর নামে প্রতিষ্ঠিত কলেজটি জাতীয়করণের দাবি জানান।

শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :