বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকমুক্ত জীবনের প্রতি উদ্বুদ্ধ করতে গাজীপুর মহানগরের টঙ্গীতে সাইকেল র্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখা। শুক্রবার (২৬ জুন) ভোরে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ফজরের নামাজের পর শিক্ষার্থীরা সাইকেল নিয়ে মাদ্রাসা মাঠে সমবেত হন। পরে সকাল ৬টায় মাদ্রাসার প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন বোর্ডবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি ইসমাইল পাঠান, টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মঈনুল ইসলাম, জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এর কারণে পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে ড. হাফিজুর রহমান বলেন, টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থের প্রভাবে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতা নয়, এর নেপথ্যের মূল চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান সবসময়ই সুস্পষ্ট। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।

মো. নজরুল ইসলাম, গাজীপুর মহানগর প্রতিনিধি :