প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যান বিশুর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার দখলকৃত সরকারি জমি

সাদাত বাহার, পাবনা সদর প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পুরাতন ডাকবাংলোর দখলকৃত সরকারি জমি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর তাৎক্ষণিক হস্তক্ষেপে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সরকারি সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা দিয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ভাঙ্গুড়া পুরাতন ডাকবাংলো এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় দখলকৃত সরকারি জায়গা পুনরুদ্ধার করা হয়।

 

জানা গেছে, সোমবার রাতে পৌরসভার শরৎনগর বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা পুরাতন ডাকবাংলোর সরকারি জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু তাৎক্ষণিকভাবে জেলা পরিষদের পক্ষ থেকে লোক পাঠানোর পাশাপাশি ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

 

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, অতীতেও জেলা পরিষদের এই ডাকবাংলোর জায়গা বিভিন্ন সময়ে জবরদখলের শিকার হয়েছে। এমনকি সরকারি গাছ কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু সরকারি এই মূল্যবান সম্পদ রক্ষায় দ্রুত উদ্যোগ নিয়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দখল হওয়া জায়গাটি উচ্ছেদ করে পুনরুদ্ধার করা হয়েছে। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকাও নেওয়া হয়েছে।

 

স্থানীয়দের মতে, প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগের ফলে সরকারি সম্পত্তি রক্ষা পেয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে এ অভিযান একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন