শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল হাসান।
সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাগর বিশ্বাস, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, এসএসএস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী থুইসাচিং মারমা, ব্র্যাক স্বাস্থ্য বিভাগের উপজেলা কর্মকর্তা মো. ফজলুল হক চৌধুরী এবং রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হুজাইফা মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে। তারা সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে হবে।
এ সময় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সংস্থার কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ কর্মসূচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়।

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি :