প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

অটোয়ারীতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

মোঃ কামরুজ্জামান, অটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মাণাধীন দুটি কালভার্ট নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ‘বাগডোকরা কুলাডাঙ্গি পুল হতে পশ্চিমে আব্বাস আলীর জমি পর্যন্ত’ সরকারি প্রকল্পের আওতায় কালভার্ট দুটি নির্মাণ করা হচ্ছে। তবে কাজের শুরু থেকেই নির্মাণমান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালভার্ট নির্মাণে সরকারি প্রাক্কলন ও নির্ধারিত নকশা (শিডিউল) যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। দক্ষ প্রকৌশলী বা অভিজ্ঞ রাজমিস্ত্রির তত্ত্বাবধান ছাড়াই সাধারণ শ্রমিক দিয়ে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর কাজ পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

সরেজমিনে গিয়ে নির্মাণাধীন কালভার্টের কাজের শিডিউল সম্পর্কে জানতে চাইলে কর্মরত এক মিস্ত্রি এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। বরং তিনি উপস্থিত সাংবাদিকদের শিডিউল সংক্রান্ত তথ্যের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন।

 

এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এছাড়া ঢালাইয়ের কাজে ইটের খোয়ার পরিবর্তে ইটের ডাস্ট বা গুঁড়ো ব্যবহার করার অভিযোগও উঠেছে। সচেতন মহলের আশঙ্কা, এভাবে নির্মাণকাজ চলতে থাকলে কালভার্ট দুটি দীর্ঘস্থায়ী হবে না এবং অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। তারা ত্রুটিপূর্ণ নির্মাণকাজ বন্ধ করে প্রয়োজন হলে পুনরায় মানসম্মত উপকরণ ব্যবহার করে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

 

এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ফজলুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য না করে পরে সাক্ষাৎ করার কথা বলেন। তিনি বলেন, “কালকে আপনি আমার সঙ্গে দেখা করিয়েন।”

 

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, পিআইও কার্যালয়ে কোনো প্রকল্প-সংক্রান্ত তথ্য জানতে গেলে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ঘুরতে হয়। তথ্য অধিকার আইনের আওতায় প্রাপ্য তথ্য পেতেও নানা জটিলতার মুখোমুখি হতে হয় বলে দাবি করেছেন তারা।

 

এদিকে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের তথ্য জানতে চাইলে সহকারী প্রকৌশলী শ্রী নারায়ণ সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেছেন বলেও অভিযোগ উঠেছে। তিনি বলেন, “তথ্য তো সব সাংবাদিকই নিতে আসে, আসলে কেউ তথ্য নিতে পারেনি।” তার এ বক্তব্য তথ্যপ্রাপ্তি নিয়ে স্থানীয়দের অভিযোগকে আরও জোরালো করেছে।

 

এ বিষয়ে অটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি সরেজমিনে গিয়ে নির্মাণকাজ পরিদর্শন করবেন এবং কাজের গুণগত মান যাচাই করবেন। শিডিউল বহির্ভূতভাবে কোনো নিম্নমানের রড, ইট, খোয়া বা বালু ব্যবহার করা হলে তা অপসারণ করে নির্ধারিত মান অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষ। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকৌশলীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন