প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

মোঃ মানিক মিয়া :

কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন ও ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের বরমছড়া এবং দুবড়িরখাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

স্থানীয়দের অভিযোগ, একটি বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি সড়কের ক্ষতি করে আসছিল। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের মাধ্যমে অবৈধ বাণিজ্য পরিচালনার অভিযোগও রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

 

উপজেলা প্রশাসনের অভিযানে গত ২০ জুন (শনিবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুবড়িরখাল এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যক্রম চালানো হয়। এ সময় তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং ৭ থেকে ৮টি বালুর স্তুপ জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, জব্দকৃত বালুর পরিমাপের কাজ চলছে। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন