প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

সময় টিভির প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

অমিত তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্রসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর কোর্ট) আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক জাতীয় অর্থনীতি ও ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি আল আমিন।

 

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি আমলে নিয়ে বিচারক মোহাম্মদ জসিম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ.টি.এম সারওয়ার।

 

মামলার অপর আসামিরা হলেন ফাজিলপুর টোল ট্যাক্সের ইজারাদার জবা মিয়া এবং তার চাচাতো ভাই মো. সারওয়ার আলম।

 

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের জাদুকাটা নদীতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রের উচ্চ পর্যায়ে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় সাংবাদিকদের শরণাপন্ন হন। এর ধারাবাহিকতায় তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে জাদুকাটা নদী এলাকায় অনুসন্ধানে যান সাংবাদিক আল আমিন।

 

বাদীর দাবি, অনুসন্ধানকালে চাঁদাবাজির অভিযোগের প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা তাকে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে পরদিন ১৮ এপ্রিল সময় টিভিতে “সুনামগঞ্জে ভুয়া সাংবাদিকের চাঁদাবাজি, হাতেনাতে ধরা” শিরোনামে একটি উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রচার করা হয়।

 

আল আমিনের অভিযোগ, ওই প্রতিবেদনে তার বক্তব্য না নিয়ে মিথ্যা তথ্য ও ভিডিও উপস্থাপন করা হয়েছে। এর ফলে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি প্রায় ১০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন।

 

আদালত প্রাঙ্গণে আল আমিন বলেন, তিনি দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহে গিয়েছিলেন। কিন্তু তাকে প্রভাবিত করার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

 

বাদীপক্ষের আইনজীবী এ.টি.এম সারওয়ার বলেন, তার মক্কেলের সামাজিক সম্মানহানি ও ক্ষতিপূরণের দাবিতে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

 

তিনি আরও জানান, একই ঘটনায় এর আগে গত ১২ মে ২০২৬ তারিখে সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়ের, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোবায়ের বাবু, বার্তা প্রধান ও ডিজিটাল প্রধানসহ মোট সাতজনের বিরুদ্ধে ১৫ দিনের সময়সীমা উল্লেখ করে ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন