প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ঘরোয়া পানীয়

স্বাস্থ্য ডেস্ক :

‘ক্যানসার’ এখন শুধু একটি রোগ নয়, বরং বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও অনেক ক্ষেত্রে ক্যানসার দেরিতে শনাক্ত হওয়ায় চিকিৎসা জটিল হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, জীবনযাপন, খাদ্যাভ্যাস ও পরিবেশগত কারণ এ রোগের ঝুঁকি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

এই বাস্তবতায় জীবনধারায় কিছু পরিবর্তন এনে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব হতে পারে—এমন মতামত উঠে এসেছে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকদের আলোচনায়। গবেষকদের মতে, কোনো ওষুধ বা ব্যয়বহুল সাপ্লিমেন্ট ছাড়াই দৈনন্দিন খাদ্যাভ্যাসে কিছু ঘরোয়া পানীয় অন্তর্ভুক্ত করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

 

গবেষণায় আলোচিত তিনটি পানীয় হলো – মাচা গ্রিন টি, সবুজ স্মুদি এবং হলুদ দুধ।

মাচা গ্রিন টি :

মাচা গ্রিন টি-তে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল ও অ্যামিনো অ্যাসিড থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এটি শরীরে রক্তসঞ্চালন উন্নত করতে এবং প্রদাহজনিত সমস্যার ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে বলেও ধারণা করা হয়।

সবুজ স্মুদি :

সবুজ স্মুদি শাকসবজি ও ফলের সমন্বয়ে তৈরি হওয়ায় এতে ফাইবার, ভিটামিন এ, সি, ইসহ বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। গবেষকদের মতে, নিয়মিত এ ধরনের পুষ্টিকর স্মুদি গ্রহণ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হতে পারে।

হলুদ দুধ :

অন্যদিকে হলুদ দুধে থাকা কারকিউমিন উপাদানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। হলুদের সঙ্গে গোলমরিচ ও দারুচিনি যুক্ত করলে এর কার্যকারিতা আরও বাড়তে পারে বলে পুষ্টিবিদদের অভিমত। এটি প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব পানীয়কে ক্যানসার প্রতিরোধের নিশ্চিত চিকিৎসা হিসেবে নয়, বরং একটি স্বাস্থ্যকর জীবনধারার অংশ হিসেবে বিবেচনা করা উচিত। ক্যানসারের ঝুঁকি কমাতে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন