বিশ্ব ঐতিহ্য ও দেশের প্রাকৃতিক ফুসফুস সুন্দরবন রক্ষায় সচেতনতা গড়ে তোলা এবং শিশুদের সৃজনশীলতা বিকাশে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। “তুলিতে সুন্দরবন” শীর্ষক এই প্রতিযোগিতায় শিশুদের রঙ-তুলির আঁচড়ে ফুটে ওঠে ম্যানগ্রোভ বন, বন্যপ্রাণী এবং পরিবেশ সুরক্ষার নানা চিত্র।
শুক্রবার (২২ মে ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর সাহেব বাজার কেন্দ্রীয় শহিদ মিনারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৭ থেকে ১৫ বছর বয়সী বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন এবং জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এনিম্যাল সাইবার কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাহিদুল ইসলাম সানি এবং আয়োজনকারী মো. জুলফিকার আলী হায়দার।
বক্তারা বলেন, সুন্দরবন আজ নানা কারণে বিপন্ন। শিশুদের কোমল মনে এখন থেকেই সুন্দরবন ও পরিবেশ রক্ষার চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সুন্দরবন সুরক্ষার বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে গত ২১ ও ২২ মে খুলনা ও সুন্দরবন অঞ্চলে অনুষ্ঠিত হয় “সুন্দরবন সামিট ২০২৬”। পরিবেশবাদী সংগঠন মিশন গ্রীন বাংলাদেশ, ব্র্যাক সিথ্রিআর এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এ সামিট অনুষ্ঠিত হয়। একই উদ্দেশ্যের সঙ্গে সংহতি জানিয়ে এদিন প্রতিযোগিতার পাশাপাশি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

রাজশাহী ব্যুরো :