বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে (টিটিসি) আধুনিকায়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
সোমবার (২ নভেম্বর) বগুড়া টিটিসি পরিদর্শনে এসে তিনি প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য সরকারি সরবরাহকৃত জিপ গাড়ির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই দিনে তিনি ‘দেশ-বিদেশ প্রকল্প’–এর আওতায় প্রশিক্ষণার্থীদের জন্য একটি নতুন ড্রাইভিং কার এবং বিদেশগামী কর্মীদের সুবিধার্থে ফিঙ্গারপ্রিন্ট মেশিনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে তিনি টিটিসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকক্ষ সরাসরি ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় মোঃ রেজাউল করিম বাদশা বলেন, “বগুড়া দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে টিটিসির প্রশিক্ষণব্যবস্থা আরও আধুনিক ও যুগোপযোগী করা সময়ের দাবি।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে বলেন, “১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণকেন্দ্রকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা যেন দেশ ও বিদেশে কর্মসংস্থানের সেরা সুযোগ পান, সে লক্ষ্যে দ্রুত আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীরা বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে পরিবারকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবেন, যা জাতীয় অর্থনীতিকে সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে বগুড়া টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস. এম. এমদাদুল হক, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান হেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সিকান্দার আলী মুন্সীসহ টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার