প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সকাল থেকে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; প্রস্তুত জলকামান

সাভার-আশুলিয়া প্রতিনিধি: মোঃ বাবুল হোসেন

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চতুর্থ দিনে গড়িয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। অন্যদিকে আন্দোলনরত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিরোধের চেষ্টা চালিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা নরসিংহপুরে শারমিন গ্রুপের কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হন। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিতে ধাওয়া দেয়। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের একাংশ পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টাও করা হয়।

সংঘর্ষের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নরসিংহপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।

এদিকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলেও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন