সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, মারধর ও নগ্ন ভিডিও ধারণের ঘটনার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি, গাজীপুরের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। বক্তারা সাংবাদিক রিপনের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা জরুরি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক কলিমুল্লাহ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গণকণ্ঠের গাজীপুর প্রতিনিধি শেখ জিসান।
এ সময় উপস্থিত ছিলেন গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক নাদিম মির্জাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
মানববন্ধনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি, গাজীপুরের আহ্বায়ক তানজিল মাহমুদ হিমেল বলেন, সাংবাদিক যে সংগঠনেরই হোন না কেন, কেউ অপমান, হয়রানি, মামলা কিংবা হামলার শিকার হলে তাঁদের পাশে থাকবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। তিনি ব্যক্তিগতভাবেও নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ