প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কুরুকপাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন যুব সংঘ একাদশ, রানার্সআপ ব্যবসায়ী একাদশ

আতিকুর রহমান উপজেলা প্রতিনিধি আলীকদম, বান্দরবান।

প্রবারণা উৎসব উপলক্ষে আয়োজিত কুরুকপাতা ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুরুকপাতা ব্যবসায়ী একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুরুকপাতা যুব সংঘ একাদশ। জমজমাট এ ফাইনাল খেলাকে কেন্দ্র করে কুরুকপাতা বাজারসংলগ্ন মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গত ১১ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। আজ বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে একবার বল পাঠিয়ে ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে কুরুকপাতা যুব সংঘ একাদশ।

টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা—উভয় পুরস্কারই অর্জন করেন জিসান। তাঁর পারফরম্যান্স দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেনদানপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অহিদ আল ইকরাম। এ ছাড়া জোন সদরের পক্ষে ক্যাম্প জেসিও হিসেবে দায়িত্ব পালনকারী সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ক্রীড়াঙ্গনের অবদান অনস্বীকার্য।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ক্রীড়ার বিকাশ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় চ্যাম্পিয়ন কুরুকপাতা যুব সংঘ একাদশকে ২৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ কুরুকপাতা ব্যবসায়ী একাদশকে ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।

একটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মহা প্রবারণা উৎসব উপলক্ষে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের আয়োজন ভবিষ্যতে কুরুকপাতা ইউনিয়নের তরুণদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন