প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ধুনটে শিক্ষক পরিবারের ৬ শতক জমি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

গোবিন্দ রায়,ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে শিক্ষক রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের ৬ শতক জমি অতিরিক্ত দখলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় হাসান আলীর বিরুদ্ধে। এ ঘটনায় জমি দখলমুক্ত করা এবং বিভিন্নভাবে হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী শিক্ষক।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পাকুড়ীহাটা বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রফিকুল ইসলাম। তিনি কাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পাকুড়ীহাটা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, পাকুড়ীহাটা গ্রামের মৃত কাবিল প্রামাণিকের ধুনট মৌজার ৫০১ নম্বর দাগে মোট ১৩৩ শতক জমি ছিল। আশির দশকে কাবিল প্রামাণিকের সন্তান ও নাতিদের কাছ থেকে ছয় দফায় মোট ৭৭ শতক জমি কেনেন একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে হাসান আলী। তবে তাঁর অভিযোগ, ৭৭ শতক জমি কেনা হলেও বর্তমানে হাসান আলী ৮৩ শতক জমি ভোগদখল করছেন। এতে অতিরিক্ত ৬ শতক জমি দখলের বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি জমির ওয়ারিশরা নিজেদের জমি বুঝে নিতে গেলে বিষয়টি সামনে আসে। পরে অতিরিক্ত জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর গ্রামের দুই শতাধিক মানুষের উপস্থিতিতে আমিনের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হয়। ওই বৈঠকে হাসান আলী নির্ধারিত সীমানা মেনে নিয়ে অতিরিক্ত দখলে থাকা জমি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে পরে সেই প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয় বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি আব্দুল জলিল গং নিজেদের জমিতে গাছের চারা রোপণ করলে এ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয় বলেও তিনি দাবি করেন।

রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান এবং তাঁদের পরিবারের দখলচ্যুত ৬ শতক জমি উদ্ধারে গণমাধ্যম, স্থানীয় প্রশাসন, আদালতসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তাঁরা। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে জমির অন্যান্য অংশীদার ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন