প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দীর্ঘ ছুটিতেও শিক্ষার্থীদের পড়াশোনায় সচল রাখতে আলীকদমে শিক্ষকদের উদ্যোগ

চৌধুরী মোহাম্মদ সুজন, স্টাফ রিপোর্টার

বান্দরবানের আলীকদমে দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে উদ্যোগ নিয়েছেন মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিনের ছুটিতে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়া, অনুশীলনে উৎসাহ দেওয়া এবং শেখার ক্ষেত্রে পিছিয়ে থাকা শিশুদের বাড়তি সহায়তা দিচ্ছেন তাঁরা।

বিদ্যালয়ের নিয়মিত পাঠদান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষকরা। প্রধান শিক্ষক নুরুল আবচারের উদ্যোগে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি নিয়মিত অনুশীলনের মাধ্যমে পাঠাভ্যাস ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ কার্যক্রমে প্রধান শিক্ষকের সঙ্গে রয়েছেন সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, সুলতান মাহমুদ এবং প্যারা শিক্ষক আইমন জান্নাত।
শিক্ষকদের এ উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শেখার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকা শিক্ষার্থীদের। দীর্ঘ ছুটিতে তাদের পড়াশোনার ঘাটতি যেন আরও বেড়ে না যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুশীলনে উৎসাহ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অভ্যাস বজায় রাখা এবং শেখার ঘাটতি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অভিভাবকদের মতে, দীর্ঘ ছুটিতে নিয়মিত পড়াশোনা ও অনুশীলন বন্ধ থাকলে শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। এ কারণে ছুটির সময়েও শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে যুক্ত রাখার উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার এ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন