প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রবারণা পূর্ণিমার আনন্দে বান্দরবানে হ্যান্ডবল টুর্নামেন্ট, ফাইনালে মারমা বাজার একাদশের জয়

বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ আসমত হোসেন

পবিত্র মাহাঃ ওয়াগ্যোয়াই (পোয়েঃ প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে আয়োজিত হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এই ফাইনাল খেলায় জাদিতং যুব সংঘকে ১১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মারমা বাজার একাদশ।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩৪ নং সংরক্ষিত মহিলা আসন (৩৪)-এর সংসদ সদস্য মাধবী মারমা, এম.পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য এবং উৎসব উদযাপন পরিষদ বান্দরবান জেলার সভাপতি জনাব উঃ চ নু মং মারমা।

খেলার মাঠে শক্তিশালী দুই দল জাদিতং যুব সংঘ ও মারমা বাজার একাদশ মুখোমুখি হয়। আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলাটি জমে উঠলেও শেষ পর্যন্ত মারমা বাজার একাদশের নৈপুণ্যের কাছে হেরে যায় জাদিতং যুব সংঘ। ফাইনাল ম্যাচের চূড়ান্ত ফলাফল ছিল—মারমা বাজার একাদশ ৩৩ এবং জাদিতং যুব সংঘ ২২।

প্রধান অতিথির বক্তব্যে মাধবী মারমা এম.পি বলেন, “খেলাধুলা তরুণ ও শিশু-কিশোরদের মাদক থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদে গেলে সবাই আমাদের পাহাড়ি অঞ্চলের খেলোয়াড়দের প্রশংসা করেন। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি সবার আগ্রহ তৈরি হতে হবে। বাংলাদেশ সরকার ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে নতুন স্টেডিয়াম নির্মাণ ও বিদ্যমান মাঠগুলো সংস্কারের নানামুখী উদ্যোগ গ্রহণ করছে, যার বাস্তবায়ন ইতোমধ্যেই বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে।” তিনি সকলকে খেলাধুলায় উৎসাহ প্রদান এবং অংশগ্রহণ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জনাব উঃ চ নু মং মারমা বলেন, “উৎসব উদযাপন পরিষদের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রবারণা পূর্ণিমা অত্যন্ত শান্তি, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পালন করতে পারবো বলে আশা রাখছি।” তিনি পবিত্র মাহাঃ ওয়াগ্যোয়াই-এর ঐতিহ্যবাহী রথযাত্রায় সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সফল করার জন্য বিশেষ অনুরোধ জানান।

খেলা শেষে আকাশে রঙিন ফানুশ উড়িয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন