প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বান্দরবান পৌরসভার ১ নং ওয়ার্ড সর্বসাধারণের প্রার্থিতায় কাউন্সিলর পদে নির্বাচন করবেন ত্যাগী বিএনপি নেতা মমতাজ মিয়া

বান্দরবান জেলা প্রতিনিধি: মোঃ আসমত হোসেন

আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ১ নং ওয়ার্ডজুড়ে শুরু হয়েছে নির্বাচনী হাওয়া। ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দাবি, প্রত্যাশা এবং ভালোবাসার টানে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন বান্দরবান সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মমতাজ মিয়া।

বিগত দিনগুলোতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিকবার কারাবরণ করা এই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা এবার ১ নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, চাঁদাবাজমুক্ত, নিরাপদ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

নিজের প্রার্থিতা ঘোষণা করে ত্যাগী নেতা মোহাম্মদ মমতাজ মিয়া বলেন, “আমি রাজনীতির পাশাপাশি সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিগত দিনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কারাভোগ ও নানা নির্যাতনের শিকার হয়েছি, তবুও মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে পিছিয়ে যাইনি। ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, মুরুব্বি ও তরুণেরা আমাকে ভালোবেসে কাউন্সিলর পদে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে এবং প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ সুযোগ দিলে ১ নং ওয়ার্ডকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

মোহাম্মদ মমতাজ মিয়ার প্রার্থিতা ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন ১ নং ওয়ার্ডের সুশীল সমাজ ও সাধারণ ভোটাররা। তাদের মতে, খেটে খাওয়া মানুষ ও তরুণদের বিপদে-আপদে সবসময় তাকে পাশে পাওয়া যায়।

এ বিষয়ে ওয়ার্ডের এক প্রবীণ ভোটার জানান: “মমতাজ মিয়া কোনো বসন্তের কোকিল নন। বিপদ-আপদে যাকে ডাকে পাওয়া যায়, তিনি তাদেরই একজন। তিনি একজন পরীক্ষিত ও অন্যায়ের কাছে মাথা নত না করা নেতা। ১ নং ওয়ার্ডের সুষম উন্নয়নের জন্য এমন একজন ত্যাগী প্রতিনিধিই আমাদের দরকার।”

এ বিষয়ে স্থানীয় এক তরুণ ভোটার ব্যক্ত করেন: “আমরা যুবসমাজ এমন একজন কাউন্সিলর চাই যিনি তরুণদের খেলাধুলা, মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং কর্মসংস্থানে দিকনির্দেশনা দেবেন। মমতাজ ভাই অন্যায়ের শিকার হয়েও রাজপথ ছেড়ে যাননি। আমরা তরুণেরা এবার তার পাশেই আছি।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বান্দরবান পৌরসভার ১ নং ওয়ার্ডে মোহাম্মদ মমতাজ মিয়ার প্রার্থিতা ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ এবং স্থানীয়দের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে নির্বাচনের মাঠে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন