বগুড়ার ধুনটে শটবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় ধুনট চান্দারপাড়া ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাবতলী ফুটবল একাদশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পূর্ব ভরনশাহী যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনালে ধুনট চান্দারপাড়া ফুটবল একাদশ ও গাবতলী ফুটবল একাদশ মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে গাবতলী একাদশ। দলটির নাজমুল হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক পৌর প্রশাসক ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাজ্জাকুল কবির বিদ্যুৎ, বিএনপি নেতা দুলাল মল্লিক, নিয়ামুল তালুকদার, আমিনুল ইসলাম, আব্দুস সালাম ও কাদের স্যার। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আবু তালহা শামীম খান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা আ. মান্নান পাখী, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্যসচিব মিশুক বাবু সম্রাটসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলাটি পরিচালনা করেন সোহাগ বাবু, রুবেল হোসেন, রিয়াতুল খান ও স্মরণ।

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি: