বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ আর পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের রঙিন উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘বরকলের হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে ছোট হরিনা জোন খেলার মাঠে ছিল উৎসবের আমেজ; বিভিন্ন বয়সী হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ যেন রূপ নিয়েছিল এক মিলনমেলায়।
রোমাঞ্চকর ফাইনাল ও ট্রাইবেকারের লড়াই
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩:৩০টায় ছোট হরিনা জোন খেলার মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় ভূষণছড়া রাইজিং ক্লাব ও হরিনা আমতলা ফুটবল একাদশ। শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলের খেলোয়াড়দের প্রাণপণ লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।
পরবর্তীতে খেলা ট্রাইবেকারে গড়ালে রোমাঞ্চকর এক লড়াই শেষে ভূষণছড়া রাইজিং ক্লাবকে ৫-৪ গোল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয় হরিনা আমতলা ফুটবল একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচটি দর্শকেরা শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণভরে উপভোগ করেন।
সামাজিক সম্প্রীতি ও সচেতনতার লক্ষ্য
টুর্নামেন্টের শুরু থেকেই খেলাধুলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের মতে, ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন তৈরি এবং পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগ্রত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
ফাইনাল ম্যাচ শেষে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন ছোট হরিনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ (ইঞ্জিনিয়ার্স)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন। এছাড়াও টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের জন্য ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা গোলকিপারের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, ছোট হরিনার ইতিহাসে এই টুর্নামেন্ট কেবল একটি ফুটবল প্রতিযোগিতাই নয়, বরং এটি পাহাড়ি-বাঙালি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

রাঙ্গামাটি প্রতিনিধি