প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান, জব্দ ১৪টি হর্ন

অমিত তালুকদার, সুনামগঞ্জ :

শহরের ব্যস্ত সড়ক। ছুটে চলছে একের পর এক যানবাহন। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ। শব্দের এমন দাপটে অতিষ্ঠ পথচারী ও সাধারণ মানুষ। অবৈধ হাইড্রোলিক হর্নের এই দৌরাত্ম্য ঠেকাতে এবার মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে শব্দদূষণের দায়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ধারা ৬(২) অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

অভিযান চলাকালে সুনামগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের এই অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রাস্তায় যানবাহনের নিরাপত্তার জন্য ব্যবহারের বদলে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্নের ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, শব্দদূষণকারী অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিত মোবাইল কোর্ট অভিযানও অব্যাহত থাকবে।

প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, শুধু অভিযান পরিচালনা ও হর্ন জব্দের মধ্যেই যেন কার্যক্রম সীমাবদ্ধ না থাকে; বরং অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার পুরোপুরি বন্ধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ অব্যাহত থাকে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন