জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকার মিরপুরে শুরু হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬। এবারের আসরে প্রথমবারের মতো ৭০টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী আয়োজন ঘিরে ক্রিকেটার, কোচ, সংগঠক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচনসহ বিভিন্ন আয়োজন ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ ও উদীয়মান ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন এই প্রতিযোগিতায়।
৭০টি দলের মধ্যে Vanguards Cricket Club-ও এবারের ঢাকা তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিচ্ছে। দলের অধিনায়ক মিনহাজ বলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া তাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্টে ৭০টি দলের সঙ্গে Vanguards Cricket Club অংশ নেওয়ার সুযোগ পেয়েছে—এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।
আমাদের দলের লক্ষ্য শুধু একটি ম্যাচ জয় নয়; প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ভালো ক্রিকেট খেলা এবং মাঠে শৃঙ্খলা, পরিশ্রম ও দলীয় ঐক্যের মাধ্যমে নিজেদের সামর্থ্য প্রমাণ করা।
তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার দলের প্রতিটি খেলোয়াড়কে বলব—ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে প্রতিটি বল, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি সুযোগকে গুরুত্ব দিতে।
আমাদের কোচ, কর্মকর্তা, অভিভাবক ও যারা সবসময় আমাদের পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা ইনশাআল্লাহ মাঠে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। Vanguards Cricket Club-এর জন্য সবাই দোয়া করবেন।”
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে দেশের ক্রিকেটে আরও ভালোভাবে অবদান রাখার সুযোগ তৈরি হবে।

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার