প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সৈয়দপুরে ছয় দফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক

নীলফামারীর সৈয়দপুরে ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যাংকের বিনিয়োগকারী ও বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক অংশগ্রহণ করেন।
​সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম, আব্দুস সালাম প্রমুখ।
​সমাবেশে গ্রাহক ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার একটি বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা ইসলামী ব্যাংকের বর্তমান প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগের জোর দাবি জানান।
​এস আলম গ্রুপের প্রসঙ্গ টেনে ফোরামের নেতারা বলেন, এস আলমের শেয়ার ও পাচারকৃত সম্পত্তি অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে। ব্যাংকের মালিকানা এর মূল উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করে সুশাসন নিশ্চিত করতে হবে। এ ছাড়া সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ এবং কার্যকর পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
​গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে দেশের বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তা জড়িত। তাই গ্রাহকদের আস্থা ধরে রাখতে এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শক্তিশালী করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন