প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন ও সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে ছিল নজরুলসংগীত, গজল, নৃত্য, আবৃত্তি, অভিনয়, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন। এর মধ্যে নৃত্য, সংগীত, অভিনয় ও গজল প্রতিযোগিতা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অন্যদিকে আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রেমের কবি। তাঁর সাহিত্য ও সংগীতের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিচারকমণ্ডলী:
দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন স্থানীয় বিশিষ্ট গুণীজনেরা—
* নজরুলসংগীত: বেতার-টেলিভিশন শিল্পী ঝুলন দত্ত, মো. রফিক ও রওশন শরীফ তানি।
* আবৃত্তি: কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পলাশ মৃৎসুদ্দী, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও বাচিক শিল্পী নূর মোহাম্মদ বাবু।
* গজল: ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাইয়ের ফিল্ড সুপারভাইজার মো. মুবিন।
* রচনা ও চিত্রাঙ্কন: উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
* অভিনয়: কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ।
* নৃত্য: নৃত্যশিল্পী সঙ্গীতা দত্ত ও সুপর্ণা বাড়ৈ।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন