প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নি/হ/ত ৩

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:-

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার(২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ শহীদ আলী সরমান (৩২)। তিনি বরিশালের বিমানবন্দর থানার মধ্যম পাংশা এলাকার মৃত শাহাদ আলী সরমানের ছেলে। ঘটনায় ব্যবহৃত ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধীরাশ্রম এলাকায় ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। নিহত তিনজনই পুরুষ। তাঁরা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন