ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় দুই দিন নিখোঁজ থাকার পর মিম আক্তার (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিম আক্তার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মিম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরি করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে মিমের নানু বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে আশপাশে খোঁজাখুঁজি করে ঝোপঝাড়ের মধ্যে মিমের অর্ধগলিত মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
পরে পুলিশকে খবর দেওয়া হলে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে শিশুটির কীভাবে মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে।
শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন।

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া