বগুড়ার ধুনটে যাত্রী সেজে ইজিবাইকে ওঠার পর তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি চালক মো. জয়কে (১৮) চাকু দিয়ে কুপিয়ে তাঁর ইজিবাইক নিয়ে গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট বাজারের চৌরাস্তা থেকে ভাড়ার কথা বলে জয়কে ইজিবাইকে তুলে নেয় ওই তিনজন। পরে তাঁকে ধুনট থানাধীন পশ্চিম ভরণশাহী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ফারুক মন্ডলের করাতকল থেকে প্রায় ২০০ গজ পূর্বে পাকা রাস্তার পাশে বাঁশঝাড়ের ভেতরে নিয়ে যায়।
সেখানে ইজিবাইক থামিয়ে জয়ের মুখ গামছা দিয়ে এবং হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর চাকু দিয়ে তাঁর মাথায় আঘাত করে গুরুতর কাটা-রক্তাক্ত জখম করা হয়। একইভাবে বাম উরু ও বাম হাতের কনুইয়ের নিচে চাকু দিয়ে আঘাত করা হয়।
একপর্যায়ে জয় জ্ঞান হারিয়ে ফেললে ওই তিন ব্যক্তি ইজিবাইকটি নিয়ে চলে যায়। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে ফিরে যান।
আহত জয় বাঁশহাটা গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তাঁর বাবা মো. জহুরুল ইসলাম ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গোবিন্দ রায়,ধুনট (বগুড়া) প্রতিনিধি: