দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাল ভোটের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনী কেন্দ্রের ১০৪ নম্বর কক্ষে এই উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট চলাকালে এক পক্ষ জাল ভোট দেওয়ার অভিযোগ তুললে অপর পক্ষের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এতে ওই কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ চললেও বিকেলের এই ঘটনায় সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, এমন একটি মানবিক সংগঠনের নির্বাচনে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।
এ বিষয়ে নির্বাচন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিকেলের ওই ঘটনার পর বাকি কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া